কিস্‌সা রোঘি কা-‌১


রোঘি। আপেলের বাগান ঘেরা কিন্নরের এক গ্রাম। এই দেশেরও প্রান্তিক গ্রাম। যে গ্রাম সম্পর্কে ইংরেজিতে বলা হয়, “Blessed with so many natural wondersতো সেই পাহাড়ি গাঁয়ে তখন হেমন্তের রোদ খেলে বেড়াচ্ছে। আপেল পাতার গায়ে লেপ্টে আছে সেই নরম রোদ। দেখে মনে হচ্ছে যেন রোদের জামা পরে দাঁড়িয়ে রয়েছে গোটা গ্রাম। আর সেই কাঁচা হলুদ রোদ পিছলে পড়ছে আপেলের শরীরে। একটা পেলব আভা। ফ্রী-তে পাওয়া ক্যাটবেরি মুখে দিয়ে তা গলে যাওয়ার পর যেমন ফিলিংস হয় আমারও তখন ঠিক তেমনই হচ্ছিল। অমন স্বর্গীয় আলো। হুল ফোটানো হিমেল হাওয়া। আপেল বাগান জুড়ে রোমান্টিক শটের স্টেডি জমি তৈরি। একপিস কিন্নরির দেখা পেলেই শতাব্দীর সেরা প্রেমের কবিতাটা লিখে ফেলব। আর একপিস ছবি। মানে যা আগামী দিনে মাস্টারপিস হিসেবে বিবেচিত হবে। এই রকম একটা ভাব মনের ভেতর ফুটিয়ে তুলে যেই না আপেল বাগানের ভেতর পা দিয়েছি, অমনি নিস্তব্ধতা খান খান করে কেউ যেন ডেকে উঠল। মুহুর্তের মধ্যে রোমান্টিক পরিবেশের দফারফা। তখন আমার অবস্থা ময়দানের স্ট্যাচুর মতো। ক্যামেরাটা এক হাতে উঁচুতে তোলা। একপিস ছবিও তুলতে পারিনি। ছবি তুলব কী? তখন পালানোর রাস্তা খুঁজছি। গলা শুকিয়ে কাঠ। চিৎকার করে কাউকে ডাকতেও পারছি না। কারণ যে দু’জন আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন তাঁদের সঙ্গে লড়ার থেকে WWE-র রিং-এ গিয়ে John Cena-র সঙ্গে পাঙ্গা নেওয়া ঢের ভালো। বড়জোর হাড়গোড় ভাঙবে। হাসপাতাল ঘুরে ফিরে আসার তবু চান্স আছে। কিন্তু এই দুই জনের পাল্লায় পড়লে তো পুরো গন কেস। বড়জোর জুতো,জ্যাকেট,জামাকাপড় আর ক্যমেরার ব্যাকপ্যাকটা হয়তো বাড়ি পৌঁছাবে। আমার পিছন দিকে একটা কাঠের বাড়ি। সেটাও একটা উঁচু মতো টিলার ওপর। পাথর বিছানো সিঁড়ি পাক খেয়ে উঠে গিয়েছে বাড়িটার দিকে। সামনে ঢালু জমিতে আপেল বাগান। বাগান পেরিয়ে গেলে অতল খাদ। প্যারা গ্লাইডিং করার শখ ছিল। কিন্তু প্যারাশ্যুট সহ। এখন তো দেখছি কৃত্রিম ডানা ছাড়াই ওই খাদের হাওয়ায় ভাসতে হবে। নয়তো সামনের দু’ই পেয়াদার কাছে নিজেকে সঁপে দিতে হবে। জীবনে এই প্রথম বুঝলাম আপেলের থেকে আমাদের বাংলার আম বা পেয়ারার ছবি তোলার চেষ্টা করা ভালো। একবার ভাবলাম উসেইন বোল্টের মতো একটা স্প্রিন্ট টানি। তারপর দেখলাম হবে না। তার থেকে খাদে ঝাঁপ দেওয়া ভালো। ময়দানের স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম সিদ্ধান্ত নিতে পারলাম না।
                               ভারতের শেষ গ্রাম রোঘি।

                              রোঘি গ্রামে আপেলের বাগান।








































Comments

Popular posts from this blog