।। হিমালয়ের অজন্তা।। একেবারে হাড় কাঁপানো সকাল। ইংরেজিতে যাকে বলে চিলি মর্নিং। ঘর থেকে বাইরে আসতেই এক ঝলকে মনে হল চোখের সামনে বুঝি সোনার পাহাড়। না,তা নয়।আসলে ন্যাড়া পাহাড়ের গায়ে সোনালি রোদ মেখে আছে। তাই গোটা পাহাড়টাই সোনার পাহাড় হয়ে গিয়েছে। ন্যাড়া পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সোনালি রোদ। আর তাকেই দেখেই হঠাৎ এক ঝলকে সোনার পাহাড় ভেবে ভুল করে বসেছিলাম আর কী! ঘর থেকে বের হলেই এ দৃশ্য। ন্যাড়া পাহাড় রোদ মেখে থাকে। টাবোর সোনালি সকাল। যে বাড়িটিতে থাকার জায়গা জুটিয়েছি সেটি এক্কেবারে আপেল বাগানের মধ্যে। ঘর থেকে বের হলেই চারদিকে গাছ ভর্তি আপেল। কিন্নরের আপেল তো আগেই খেয়েছি এবার স্পিতি উপত্যকার আপেলের স্বাদ নিলাম মন ভরে। সকালে ঘুম থেকে ওঠার পরই মকান মালকিন এক কাপ চায়ের সাথে খানকতক আপেল দিয়ে গেছেন ঘরে। গাছ পাকা আপেল দিয়েই ব্রেক ফাস্ট সেরে নিয়েছি। মকান মালকিনের দাক্ষিণ্যে আমার সকালের ব্রেকফাস্টের খরচা বেঁচে গেল। আমার আস্তানা। ঘর থেকে বের হলেই গাছ ভর্তি আপেল। ...