মখমলি বুগিয়ালে ডানা মেলে রোদ তুঙ্গনাথের পথে। সবুজ বুগিয়ালে জুড়ে ডানা মেলে থাকে রোদ। এ মন সবুজ বুগিয়াল আর এমন ডানা মেলা রোদ দেখলে মনটা হু হু করে ওঠে। মনের ডানায় হাওয়া মেলে উড়ি। ঝাঁপ দিতে ইচ্ছে করে। খাদের ধারে ঈষৎ ঝুঁকে থাকা ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলাম। রডোডেনড্রন গাছগুলো দু ' হাত বাড়িয়ে ডাকছিল। হঠাৎই কোথা থেকে উড়ে এসেছিল দলছুট মেঘেরা। তাদের পেলব ছায়া বুগিয়াল জুড়ে কাঁচা হলুদ রোদের সাথে লুকোচুরি খেলে বেড়াচ্ছিল। আমার ওমন ঝুঁকে থাকা ভঙ্গি দেখে সামান্য ঘাবড়ে গিয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার দিব্যা। সে নির্ঘাত ভেবে বসেছিল , ইয়ে পাগল আদমী সুইসাইড করার প্ল্যান ভাঁজছে। তাই দ্রুত পিছন থেকে আমাকে টেনে ধরে ধমকে উঠে বলেছিল ," মরনা হ্যায় ক্যায়া আপকো ? আগে খাই হ্যায় , দিখ নেহি রহা হ্যায়! " ডাকাবুকো দিব্যা একাই বেড়িয়েছে তুঙ্গনাথ দর্শনে। স্মার্ট। ঝকঝকে। পিঠে রুকস্যাক। ছিপছিপে তরুণী দিব্যার মাথায় ক্যাপ। চোখে সানগ্লাস। কিছুক্ষণ আগে পথের ধারে এক চটিতে পাথরের ওপর বসে চা খাচ্ছিলাম। সে...